কক্সবাজারের রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ (শনিবার, ২ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতলা হলেন- অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপরজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে রামুর রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে কক্সবাজার শহরের বাইপাস সংলগ্ন স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশা পার হওয়ার সময় রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে।
সিএনজিটিকে এক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ওই ট্রেন। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।
রশিদনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বদি আলম জানান, রশিদনগর রেলক্রসিংয়ে অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস এটিকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। এর পর যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকায় বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সূত্র মতে, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি ধলিরছড়া ক্রসিং পার হওয়ার সময় সিএনজি অটোরিক্সাটি রেল বিটের উপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।